রাষ্ট্রপতির বিরুদ্ধে বার কাউন্সিলের আইন লঙ্ঘনের অভিযোগ তদন্তে আইনি নোটিশ

জাতীয়
রাষ্ট্রপতির বিরুদ্ধে বার কাউন্সিলের আইন লঙ্ঘনের অভিযোগ তদন্তে আইনি নোটিশ
নিউজ ডেস্ক
৪ মে ২০২৬

বাংলাদেশ বার কাউন্সিলের আইন লঙ্ঘন করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এখনও অ্যাডভোকেটদের তালিকায় বহাল রয়েছেন কি না—তা তদন্তের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান এই নোটিশ পাঠান। এতে বাংলাদেশ বার কাউন্সিল, আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

নোটিশে বলা হয়, বার কাউন্সিল অর্ডার ১৯৭২-এর বিভিন্ন ধারা অনুযায়ী একজন অ্যাডভোকেট পেশাগত বা অন্যান্য অসদাচরণের কারণে শাস্তি, স্থগিতাদেশ বা রোল থেকে অপসারণের আওতায় পড়তে পারেন। একইসঙ্গে স্বেচ্ছায় প্র্যাকটিস স্থগিত বা রোল থেকে নাম প্রত্যাহারের সুযোগও রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নোটিশে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। কিন্তু শপথের আগে তিনি বার কাউন্সিলে তার আইনজীবী সনদ স্থগিত বা রোল থেকে নাম প্রত্যাহারের আবেদন করেননি—এমন তথ্য বার কাউন্সিল থেকে পাওয়া গেছে বলে দাবি করা হয়।

আইনজীবীর বক্তব্য অনুযায়ী, সংবিধানের শপথ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পাশাপাশি আইন ও সংবিধান মানার বাধ্যবাধকতা রয়েছে। তবে নোটিশে দাবি করা হয়, প্রাসঙ্গিক বিধান অনুসরণ না করায় তার আইনগত অবস্থান ও শপথের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

নোটিশে আরও বলা হয়, বার কাউন্সিলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ দিনের মধ্যে পদক্ষেপ জানাতে অনুরোধ করা হয়েছে। এদিকে সরকারি বা বার কাউন্সিলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।