বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

জাতীয়
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
নিউজ ডেস্ক
৩ মে ২০২৬

সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সরকারিভাবে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার (৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ এবং পরিবহন পরিস্থিতি নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, হাওরাঞ্চল দেশের ধান উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও প্রাকৃতিক কারণে হঠাৎ পানি প্রবেশ করে অনেক সময় ফসল ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, এসব বন্যা বা পানিপ্রবাহ প্রাকৃতিক এবং মানুষের নিয়ন্ত্রণের বাইরে। তবে যেখানে বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে ফসল রক্ষা সম্ভব, সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মন্ত্রী জানান, গত দুই সপ্তাহ ধরে জেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ফসল কাটার অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়েছে। অনেক এলাকায় ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, কোথাও শ্রমিক সংকট দেখা দিলে অন্য এলাকা থেকে শ্রমিক সরবরাহ করা হয়েছে এবং প্রয়োজন হলে পরিবহনের ব্যবস্থাও করা হয়েছে।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি উল্লেখ করেন, কিছু এলাকায় ফসল নষ্ট হলেও তা ব্যাপক আকারে নয়। তবে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য তিন মাসের সরকারি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।