আবারও তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা

জাতীয়
আবারও তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা
নিউজ ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় ও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা। বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য এ সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল লিমিটেডের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য অতি ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশেষ করে সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলাকে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকাতেও ঝড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া ঢাকা, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরসহ মধ্যাঞ্চলের জেলাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। দক্ষিণাঞ্চলের বরিশাল, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও নোয়াখালী এলাকাতেও দুর্যোগের প্রভাব পড়তে পারে।

রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জসহ উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও আবহাওয়া অস্থির থাকতে পারে।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খোলা মাঠ বা বড় গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করতে এবং প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।