ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কয়েকটি বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কার কথাও উল্লেখ করেছে সংস্থাটি।
শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক-এর দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে।
বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এর প্রভাবে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালীসহ বেশ কয়েকটি জেলায় বর্তমানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা বৃষ্টির কারণে কমে আসতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির বিস্তৃতি বাড়বে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।


