এখন পর্যন্ত ৩৭,৫৬৭ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে: মাহদী আমিন

জাতীয়
এখন পর্যন্ত ৩৭,৫৬৭ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে: মাহদী আমিন
নিউজ ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশে এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ জেলার ২২ হাজারের বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

মাহদী আমিন বলেন, প্রতিটি ফ্যামিলি কার্ডধারী পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হচ্ছে। তার মতে, এই কর্মসূচি নারীর অর্থনৈতিক, পারিবারিক ও সামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এটি একটি আন্তর্জাতিক রোল মডেল হিসেবে বিবেচিত হতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, কৃষক কার্ডের আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা একাধিক সুবিধা ও নগদ সহায়তা পাবেন, যা তাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

সরকারের কৃষি সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যম ও নাগরিকদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে বলেন, সরকারের ইতিবাচক উদ্যোগগুলো তুলে ধরার পাশাপাশি যেকোনো ত্রুটি-বিচ্যুতি যুক্তিসংগতভাবে সামনে আনা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, মন্ত্রণালয়ভিত্তিক বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা বক্তব্য দেবেন, আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে তার দায়িত্ব হলো সরকারের নীতি, কর্মপরিকল্পনা এবং জনকল্যাণমূলক কার্যক্রম স্বচ্ছভাবে জনগণের কাছে উপস্থাপন করা।