হরমুজ প্রণালি পাড়ি দিতে না পেরে ফিরে গেল বিএসসির জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

জাতীয়
হরমুজ প্রণালি পাড়ি দিতে না পেরে ফিরে গেল বিএসসির জাহাজ ‘বাংলার জয়যাত্রা’
নিউজ ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি অতিক্রমের কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত পার হতে পারেনি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। ইরানি নৌবাহিনীর চূড়ান্ত অনুমতি না পাওয়ায় জাহাজটিকে ফিরে যেতে হয়েছে।

বাংলাদেশ সময় শুক্রবার (১৭ এপ্রিল) রাত দেড়টার দিকে জাহাজটি প্রণালি অতিক্রমের চেষ্টা বাতিল করে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর-এর বহির্নোঙরের দিকে ফিরে যায়।

জানা গেছে, ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি আংশিকভাবে উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পরই সারবাহী জাহাজটি শুক্রবার রাত ৯টার দিকে মিনা সাকার বন্দর এলাকা থেকে যাত্রা শুরু করে। গভীর রাতে প্রণালির নিকটবর্তী এলাকায় পৌঁছালে চূড়ান্ত অনুমতির অপেক্ষায় ছিল জাহাজটি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে শেষ মুহূর্তে সেই অনুমতি না মেলায় যাত্রা ব্যাহত হয়। জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানান, ইরানি নৌবাহিনী তাদের আবেদন প্রত্যাখ্যান করে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। ফলে বাধ্য হয়ে জাহাজটি আগের অবস্থানে ফিরে যেতে শুরু করে।

এ বিষয়ে বাংলাদেশ শিপিং করপোরেশন–এর ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, জাহাজটি হরমুজ প্রণালি পার হতে পারেনি এবং বর্তমানে পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছে।

উল্লেখ্য, বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। সাম্প্রতিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে এ পথে চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে।