চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা করা হচ্ছে : র্যাব
দেশে চাঁদাবাজি দমনে নতুন উদ্যোগ নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাহিনীটি জানিয়েছে, চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুতের কাজ চলছে এবং তালিকা সম্পন্ন হলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়–এর নির্দেশনায় তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ করছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তালিকা চূড়ান্ত হওয়ার পর যে কোনো সময় অভিযান শুরু করা হতে পারে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, চাঁদাবাজি নির্দিষ্ট কোনো খাতে সীমাবদ্ধ নয়। পরিবহন খাতে মহাসড়ককেন্দ্রিক চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি—সব ধরনের অভিযোগই তালিকার আওতায় আনা হচ্ছে।
অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করতে চান না উল্লেখ করে তিনি বলেন, গোয়েন্দা তথ্য, মাঠপর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে।
রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকা প্রণয়নে কোনো পক্ষপাত থাকবে না এবং অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


