প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা।
ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগ বাড়াতে ই-ভিসা চালুর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিমানবন্দরের জটিলতা কমিয়ে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সহজ প্রবেশ নিশ্চিত করতে হবে।
এছাড়া ব্যাংক ঋণের সুদহার কমানো, কর ব্যবস্থার সংস্কার এবং করের আওতা বাড়ানোর বিষয়েও জোর দেন উদ্যোক্তারা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের পাশাপাশি নির্দিষ্ট গোষ্ঠীর ওপর অতিরিক্ত করের চাপ না দেওয়ার আহ্বান জানানো হয়।
মাঝারি উদ্যোক্তাদের রপ্তানি কার্যক্রমে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ এবং আমদানি-রপ্তানিতে গতি আনতে গভীর সমুদ্রবন্দর চালুর দাবিও তোলা হয় বৈঠকে।
অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সমস্যাগুলো সরাসরি শুনতে চেয়েছেন এবং সেসব বিষয় নোট নেওয়া হয়েছে। কিছু সমস্যার সমাধান ইতোমধ্যে হয়েছে, বাকিগুলো আলোচনা সাপেক্ষে সমাধান করা হবে।
বৈঠকে বাণিজ্যমন্ত্রীসহ দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।


