বাড়ছে না জ্বালানি তেলের দাম

জাতীয়
বাড়ছে না জ্বালানি তেলের দাম
নিউজ ডেস্ক
৩১ মার্চ ২০২৬

আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি সত্ত্বেও দেশে এপ্রিল মাসে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকায় বিক্রি হবে। এর আগে গত ১ ফেব্রুয়ারি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমানো হয়েছিল, যা মার্চ মাসেও বহাল ছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এপ্রিল মাসে দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বৈশ্বিক বাজারে তেলের দাম বাড়ছে। এর প্রভাব দেশীয় বাজারেও পড়তে শুরু করেছে।

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হলেও, অনেক এলাকায় পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের খবর পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্কে অতিরিক্ত ক্রয় ও অবৈধ মজুতের কারণেই সাময়িক সংকট তৈরি হয়েছে।

সরকার জানিয়েছে, অবৈধভাবে মজুত করা জ্বালানি তেলের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে এবং ইতোমধ্যে বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়েছে।

তবে আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।