রাশিয়া থেকে ৬ লাখ টন তেল কিনতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের চিঠি

জাতীয়
রাশিয়া থেকে ৬ লাখ টন তেল কিনতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের চিঠি
নিউজ ডেস্ক
৩০ মার্চ ২০২৬

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য নিষেধাজ্ঞায় ছাড় (স্যাংশন ওয়েভার) চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশ সরকার।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার কারণে বিকল্প উৎস খুঁজতে গিয়ে বাংলাদেশ রাশিয়া থেকে অন্তত ছয় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা করছে। এ জন্য যুক্তরাষ্ট্রের কাছে নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি তুলে ধরা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে লিখিত আবেদন জমা দিতে পরামর্শ দেয়। সেই অনুযায়ী ঈদের পরপরই চিঠি পাঠানো হয়েছে এবং এখন জবাবের অপেক্ষা চলছে।

এদিকে, ভারত থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রেও কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। পূর্ব চুক্তি অনুযায়ী সরবরাহ কম হলেও সাম্প্রতিক সময়ে কয়েকটি চালান এসেছে, যার ফলে মোট প্রায় ২২ হাজার মেট্রিক টন ডিজেল পাওয়া গেছে।

এছাড়া, ইন্দোনেশিয়া থেকে শিগগিরই আরও বড় পরিমাণে জ্বালানি আসার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান, কাজাখস্তান, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি আমদানির বিষয়ে আলোচনা চলছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যা সরবরাহ ব্যবস্থায় অতিরিক্ত চাপ তৈরি করছে।

সরকার বলছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বহুমুখী উৎস থেকে আমদানির কৌশল নেওয়া হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।