পহেলা বৈশাখ ২২ হাজার ‘কৃষক কার্ড’ বিতরণ করবে সরকার

জাতীয়
পহেলা বৈশাখ ২২ হাজার ‘কৃষক কার্ড’ বিতরণ করবে সরকার
নিউজ ডেস্ক
১৭ মার্চ ২০২৬

দেশের কৃষি খাত আধুনিকায়ন এবং প্রান্তিক কৃষকদের সরাসরি সরকারি সহায়তার আওতায় আনতে পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকের মধ্যে ‘ফার্মস কার্ড’ বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর সচিবালয়ে তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

জানা গেছে, আগামী পহেলা বৈশাখ টাঙ্গাইল সদর উপজেলা-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। একই দিনে দেশের ১১টি উপজেলায় একযোগে কৃষকদের হাতে কার্ড তুলে দেওয়া হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সরকারি সূত্রে জানা গেছে, এটি একটি প্রি-পাইলট প্রকল্প। মূল লক্ষ্য হলো কৃষি ভর্তুকি ও অন্যান্য সুবিধা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া এবং মধ্যস্বত্বভোগী কমানো।

প্রাথমিক পর্যায়ে নির্বাচিত উপজেলাগুলো হলো—
গোয়ালন্দ, ইসলামপুর, পঞ্চগড় সদর, বোদা, শিবগঞ্জ, নেছারাবাদ, শৈলকুপা, টেকনাফ, আদর্শ সদর এবং জুড়ী।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ‘ফার্মস কার্ড’ চালুর মাধ্যমে কৃষকদের জন্য একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে কৃষি নীতিনির্ধারণ ও সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকুসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।