দুই বছরে জনগণের আয় দ্বিগুণ করতে চায় বিএনপি সরকার: প্রধানমন্ত্রী
আগামী দুই বছরের মধ্যে দেশের মানুষের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে বিএনপি সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণ পাশে থাকলে যেকোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি এমন কাজ করার রাজনীতি—যা মানুষের উপকারে আসে এবং মানুষকে খুশি করে। সেই লক্ষ্যেই দেশের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সাহাপাড়া খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি জানান, প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন প্রকল্প সম্পন্ন হলে এলাকার প্রায় ৩১ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন। প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে এবং প্রায় সাড়ে তিন লাখ মানুষ খালের পানির সুবিধা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। এছাড়া এই প্রকল্প বাস্তবায়িত হলে বছরে প্রায় ৬০ হাজার মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
খাল খননের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের অধিকাংশ খাল ও নদী ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় বর্ষাকালেও পানির সংকট দেখা দেয়। এসব সমস্যা সমাধানে খাল পুনঃখনন এবং বর্ষার পানি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি—যে মানুষ মাসে পাঁচ হাজার টাকা আয় করেন, আগামী দুই থেকে চার বছরের মধ্যে তার আয় যেন দ্বিগুণ হয়, সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। তিনি বলেন, এটি শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শের রাজনীতি।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রায় ২০ কোটি মানুষের এই দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে দেশেই উৎপাদন বাড়াতে হবে। বিদেশ থেকে খাদ্য আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির দিকেই গুরুত্ব দিচ্ছে সরকার।


