নামাজে উৎসাহ দিতে কিশোরদের সাইকেল উপহার দিচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

জাতীয়
নামাজে উৎসাহ দিতে কিশোরদের সাইকেল উপহার দিচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক
নিউজ ডেস্ক
১৫ মার্চ ২০২৬

 

শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পবিত্র রমজান মাসে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় নিজের নির্বাচনী এলাকার ৩১৭ জন কিশোরকে উপহার হিসেবে নতুন সাইকেল দিচ্ছেন তিনি।

রোববার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর-১১ নম্বরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই সাইকেল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উদ্বোধনী দিনে মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদে মাসব্যাপী নিয়মিত জামাতে নামাজ আদায় করা ২৭ জন কিশোর এবং রূপনগর টিনশেড এলাকার ১৮ জন কিশোরসহ মোট ৪৫ জনের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আমিনুল হক বলেন, এলাকার ১২ থেকে ১৪ বছর বয়সী যে শিশুরা পুরো রমজান মাস মসজিদে এসে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদেরকে সাইকেল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি বলেন, পুরস্কারটাই বড় বিষয় নয়; মূল লক্ষ্য হলো শিশুদের মধ্যে নামাজের অভ্যাস গড়ে তোলা এবং তাদের সঠিক পথে পরিচালিত করা। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য শিশুরা যেন এই অভ্যাস সারাজীবন ধরে রাখতে পারে।

প্রতিমন্ত্রী জানান, মিরপুরের চারটি ওয়ার্ডের মোট ছয়টি মসজিদে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। সব মিলিয়ে ৩১৭ জন কিশোর এই উপহার পাচ্ছে।

ভবিষ্যতে এই উদ্যোগ আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানান তিনি। আমিনুল হক বলেন, এবার ছয়টি মসজিদে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী বছর এলাকায় আরও বেশি মসজিদে এ ধরনের কার্যক্রম চালু করার চেষ্টা করা হবে।