সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
১৫ মার্চ ২০২৬

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সংবিধান অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই এবং বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন।

রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরুর আগে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন নয়। তাই সাংবিধানিকভাবে এমন কোনো পরিষদের অস্তিত্ব বর্তমানে নেই।

তিনি আরও বলেন, বিষয়টি এখনো আদালতে বিচারাধীন রয়েছে। যদি এটি আইনে পরিণত হয়, তখন বিষয়টি বিবেচনায় আসবে। গণভোটের মাধ্যমে যদি এ ধরনের কোনো কাঠামো প্রতিষ্ঠার সিদ্ধান্ত আসে, তাহলে তা কার্যকর করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধনের বিষয়টি সংসদে আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হবে। সংশোধনী পাস হলে তবেই সংবিধানে তা অন্তর্ভুক্ত করা সম্ভব হবে এবং এরপর প্রয়োজন হলে সংস্কার পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয়টি বিবেচনায় আসবে।

এদিকে তিনি জানান, সংসদের নিরপেক্ষতা বজায় রাখতে স্পিকার ও ডেপুটি স্পিকার তাদের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।