কাল সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথও পড়াবেন রাষ্ট্রপতি।
বুধবার (১১ মার্চ) দুপুরে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এর আগে বুধবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবন-এ বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয় এবং দুপুর ১টার দিকে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরা অংশ নেন।
বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়, সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং নিজ নিজ এলাকায় জনগণের সমস্যা সমাধানে সংসদ সদস্যদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।


