১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হবে।
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পাশাপাশি একই দিনে দেশের আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে একযোগে এই কর্মসূচির সূচনা করবেন। পানিসম্পদ, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের একটি বড় রাজনৈতিক অঙ্গীকার।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে যন্ত্রপাতির ব্যবহার সীমিত রেখে অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ কাজ সাধারণ শ্রমিকদের দিয়ে করানো হয়। এর ফলে গ্রামীণ এলাকায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এ কর্মসূচিতে শুধু শ্রমিক নয়, স্বেচ্ছাসেবী সংগঠনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণের সুযোগ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
অতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম ও অর্থ লোপাটের অভিযোগ থাকায় এবার কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা সরাসরি মাঠে উপস্থিত থেকে কাজ তদারকি করবেন। সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ফলে দুর্নীতির সুযোগ কমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


