সরকারের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী

জাতীয়
সরকারের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
১০ মার্চ ২০২৬

সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নে সামান্য দেরি হতে পারে, তবে সরকার প্রতিশ্রুতি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন বনানীর টিঅ্যান্ডটি মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী উল্লেখ করে তারেক রহমান বলেন, নারীদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীদের স্বাবলম্বী করা এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলতেই ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ব্যক্তিগতভাবেও এটি আমার জন্য আবেগের দিন। বিএনপি এবং বর্তমান সরকারের জন্যও দিনটি ঐতিহাসিক, কারণ দীর্ঘদিনের পরিকল্পিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি আজ বাস্তবায়নের পথে।

প্রধানমন্ত্রী আরও জানান, প্রথম পর্যায়ে দেশের ১৪টি জেলায় ৩৭ হাজার ৫৬৭ জন নারীকে এ কার্ড দেওয়া হচ্ছে। এর মধ্যে কড়াইল, সাততলা ও ভাষানটেক এলাকার প্রায় ১৫ হাজার নারীকে আজ ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রায় চার কোটি পরিবারের নারী প্রধানদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী আরও জানান, আগামী মাসের মধ্যেই কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে।