নারীর ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করে গেছেন।
রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত সেই ভিত্তিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নারীশিক্ষা প্রসারে তার নেওয়া নানা উদ্যোগ দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে এবং এর মাধ্যমে তিনি বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছেন।
তিনি আরও বলেন, নারীর অধিকার সুরক্ষায় বিএনপি সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নারীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হয়েছে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় এসব উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে সবার সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এই সম্মাননা তার পক্ষে গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দৃঢ় নেতৃত্ব দেওয়া এবং দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. জোবায়দা রহমান। তিনি বলেন, নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও বেগম খালেদা জিয়া অটল থেকে সংগ্রাম চালিয়ে গেছেন। তার মতে, নারীরা এগিয়ে গেলে দেশও এগিয়ে যায়।
তিনি বাংলাদেশকে এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান, যেখানে সব নারী নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবেন। একই সঙ্গে নারী দিবসকে সাম্য, ন্যায় ও ন্যায্যতার অঙ্গীকার হিসেবে পালনের আহ্বান জানান।


