প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ চালু করছে ডিএসসিসি

জাতীয়
প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ চালু করছে ডিএসসিসি
নিউজ ডেস্ক
৭ মার্চ ২০২৬

নগরবাসীর বিভিন্ন সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালনের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সম্পৃক্ততার মাধ্যমে নগর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএসসিসির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম নগর ভবনে তার কার্যালয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের জন্য এই কার্যক্রম চালু করেছেন।

ঘোষণা অনুযায়ী, প্রতি শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে ‘পাবলিক হিয়ারিং ডে’ অনুষ্ঠিত হবে। তবে রমজান মাস ছাড়া অন্যান্য সময়ে এই কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই সময়ে নগরবাসী বিভিন্ন নাগরিক সমস্যা, অভিযোগ এবং সেবাসংক্রান্ত বিষয় নিয়ে সরাসরি প্রশাসকের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। এতে নগরীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান সম্ভব হবে বলে আশা করছে সিটি কর্পোরেশন।

ডিএসসিসির পক্ষ থেকে রাজধানীর দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের নির্ধারিত দিনে উপস্থিত হয়ে তাদের সমস্যা ও মতামত প্রশাসকের কাছে তুলে ধরার জন্য আহ্বান জানানো হয়েছে।