ঢাকাসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

জাতীয়
ঢাকাসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত
নিউজ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর ১টা ৫২ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণকারী অ্যাপ মাই আর্থকোয়েক অ্যালার্ট।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকায়।

সাতক্ষীরায় কম্পন ছিল তুলনামূলকভাবে বেশি। স্থানীয়রা জানান, কয়েক সেকেন্ড স্থায়ী শক্ত ঝাঁকুনিতে ঘরবাড়ি কেঁপে ওঠে। জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে অবস্থানরত অনেক মুসল্লি আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে বুধবার রাতে মিয়ানমারে সৃষ্ট ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্পের প্রভাবেও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, ফেব্রুয়ারি মাসে তুলনামূলক বেশি কম্পন অনুভূত হচ্ছে। চলতি মাসের ১ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে অন্তত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার মৃদু কম্পনের মাধ্যমে শুরু হয় এ ধারাবাহিকতা। ৩ ফেব্রুয়ারি একই দিনে তিনবার কম্পন হয়—এর মধ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৪.১ মাত্রা এবং মিয়ানমারে ৫.৯ ও ৫.২ মাত্রার দুটি ভূমিকম্প ছিল। এছাড়া ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটে এবং ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকেও কম্পন অনুভূত হয়।

ঘনঘন ভূমিকম্পের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।