ময়মনসিংহ সীমান্ত দিয়ে ২২ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ
ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে ২২ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২ জুন) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে এই ঘটনা ঘটে। পুশইন হওয়াদের মধ্যে ১২ জন নারী, ৮ জন পুরুষ এবং ২ শিশু রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ধোবাউড়ার মুন্সিপাড়া সীমান্ত দিয়ে এক শিশু ও তিন নারীসহ ১২ জন এবং হালুয়াঘাটের সূর্যপুর সীমান্ত দিয়ে এক শিশু ও ৯ নারীকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়। পরে বিজিবি তাদের আটক করে।
আটককৃতরা জানান, ২০০৪ সালে দালালের মাধ্যমে তারা ভারতে যান এবং গুজরাটে দোকানে কাজ ও ছোট ব্যবসা করতেন। দীর্ঘদিন ভারতে অবস্থানকালে কেউ কেউ ভারতীয় নাগরিকত্বও পান। কিন্তু সম্প্রতি গুজরাট পুলিশ তাদের আটক করে। তারা অভিযোগ করেন, পুলিশ তাদের মোবাইল ফোন, পরিচয়পত্র ও অন্যান্য মালামাল কেড়ে নেয় এবং মারধর করে। পরে তাদের বাংলাদেশ সীমান্তে এনে রাতের আঁধারে পুশইন করা হয়।
আটককৃতদের বাড়ি খুলনা, নড়াইল ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
এ বিষয়ে ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, “ঘটনার পরপরই আমরা বিএসএফকে প্রতিবাদপত্র পাঠিয়েছি। আটককৃতদের স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”


