আগামীকাল থেকে ৯ মাসের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ বন্ধ

দেশজুড়ে
আগামীকাল থেকে ৯ মাসের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ বন্ধ
নিউজ ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৬

পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সেন্ট মার্টিন দ্বীপে আগামীকাল রোববার থেকে টানা ৯ মাস পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে। শনিবার (৩১ জানুয়ারি) চলতি মৌসুমের শেষদিনে শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাতায়াত করছে। এরপর নতুন নির্দেশনা না আসা পর্যন্ত সেন্ট মার্টিনগামী কোনো পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন বলেন, “আজ সব পর্যটককে নিরাপদভাবে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এরপর আর কোনো জাহাজ চলবে না। সরকার পরবর্তীতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সেন্ট মার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহমান বলেন, “বেশিরভাগ ব্যবসায়ী এবার লোকসানেই পড়েছেন। কাল থেকে পর্যটক আসা বন্ধ হলে মানুষের দুর্ভোগ শুরু হবে। নির্বাচন শেষে পর্যটন চালু হলে হয়তো কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, “দ্বীপের প্রায় সবাই পর্যটন খাতের সঙ্গে জড়িত। হঠাৎ ভ্রমণ বন্ধ হওয়ায় হতাশা কাজ করছে। সময়টা যদি একটু বাড়ানো যেত, পরিস্থিতি সামাল দেওয়া সহজ হতো।”

রিকশাচালক নুর আজিম বলেন, “দুই মাসের মধ্যে ঋণ পরিশোধ করা সম্ভব হয়নি। এখন প্রশ্ন, কীভাবে ঋণ শোধ করব।” কটেজ ব্যবসায়ী মো. জাহাঙ্গীর বলেন, “সরকারি বিধি-নিষেধে সবচেয়ে বেশি চাপ পড়েছে স্থানীয়দের ওপর। নতুন ৯ মাস পর্যটন বন্ধ থাকলে দুর্দিন আরও বাড়বে।”

সরকারি নির্দেশনা অনুযায়ী, সৈকতে রাতের আলো, উচ্চশব্দ, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ বা ফল সংগ্রহ, মোটরচালিত যান চলাচল এবং প্লাস্টিক বহন নিষিদ্ধ। এছাড়া সামুদ্রিক জীববৈচিত্র্য যেমন কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুক ইত্যাদির ক্ষতি করা যাবে না। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাক্স সঙ্গে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

সাধারণত প্রতিবছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পর্যটক ভ্রমণের অনুমতি থাকলেও এবার সরকার সময়সীমা কমিয়ে নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সীমাবদ্ধ করেছে।

দ্বীপের ব্যবসায়ীরা মানবিক দিক বিবেচনায় ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটন চালু রাখার দাবি জানিয়েছেন।