ভারতের উত্তর প্রদেশে পুকুরে বিধ্বস্ত ভারতীয় প্রশিক্ষণ বিমান
ভারতের উত্তর প্রদেশে নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় ভারতীয় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়েছে। বুধবার (২১ জানুয়ারি) প্রয়াগরাজ এলাকায় বিমানটি একটি পুকুরে বিধ্বস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে বিমানে থাকা দুই পাইলটই নিরাপদে বের হতে সক্ষম হন।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়। ভারতীয় বিমানবাহিনী জানায়, দুই পাইলট সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হন এবং পরে তাদের উদ্ধার করা হয়। তারা দুজনই শারীরিকভাবে নিরাপদ রয়েছেন।
বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট ছিল। দুর্ঘটনায় কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি এবং মাটিতে থাকা কোনো সম্পদের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, পুকুরের আশপাশে বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে এবং কয়েকটি অংশে আগুন জ্বলছিল। অন্য একটি ভিডিওতে দুর্ঘটনার পর পাইলটদের বের হয়ে আসার দৃশ্যও দেখা গেছে।
এই দুর্ঘটনা ভারতের সামরিক বিমান প্রশিক্ষণ কার্যক্রমে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আবারও আলোচনায় এনেছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে প্রশিক্ষণ ও যুদ্ধবিমান দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এর আগে গত নভেম্বরে দুবাই এয়ার শোতে উড্ডয়নের সময় ভারতীয় বিমানবাহিনীর একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন। একইভাবে চেন্নাইয়ের তাম্বারামের কাছে একটি পিলাটাস পিসি–৭ প্রশিক্ষণ বিমান এবং চলতি বছরের মার্চে হরিয়ানার পাঞ্চকুলা এলাকায় একটি জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়ে।
ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, সর্বশেষ দুর্ঘটনার কারণ নির্ধারণে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


