দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত নেতার বক্তব্য

দেশজুড়ে
দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত নেতার বক্তব্য
নিউজ ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মো. মিজানুর রহমানের একটি বক্তব্য ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে। ইসলামি জলসায় দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, যারা জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান নেবে না, তাদের কোরআনের মাহফিল শোনার প্রয়োজন নেই। ভিডিওটি শনিবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরুপপুর কাশিনাথপুর আব্দুল মজিদ হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার উন্নয়ন উপলক্ষে আয়োজিত এক ইসলামি জলসায় এই বক্তব্য দেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য দেখা যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মো. মিজানুর রহমান বলেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, বক্তব্যের অংশবিশেষ কেটে জোড়া লাগানো হয়েছে এবং তিনি কাউকে কোরআনের মাহফিল থেকে বিরত থাকার কথা বলেননি। তার ভাষ্য অনুযায়ী, তিনি মূলত সবাইকে কোরআনের পথে চলার আহ্বান জানিয়েছিলেন।

এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য দেওয়া অনুচিত। তার মতে, ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করলে তা সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে।

এই বক্তব্য ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।