রামুতে গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ

দেশজুড়ে
রামুতে গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ
নিউজ ডেস্ক
৫ জানুয়ারি ২০২৬

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় এলাকায় গহিন পাহাড়ে অবৈধভাবে অস্ত্র তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ভোরে ঈদগড়ের আবু আহম্মদ ঘোনা ফাতেমা ছড়া নামের দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অভিযানে দুটি তাজা রাইফেলের গুলি, চারটি শটগানের খালি খোসা, বন্দুকের বাট ও ট্রিগার বক্সসহ বন্দুক তৈরিতে ব্যবহৃত বিভিন্ন পাইপ, যন্ত্রপাতি ও কাটিং সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও হাওয়ার মেশিন, শান দেওয়ার মেশিন, করাত, হাতুড়ি, প্লাস, রেক ও অন্যান্য অস্ত্র তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জেলা পুলিশের ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, পাহাড়ি এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র তৈরি করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

রামু থানা ও ঈদগড় পুলিশ ক্যাম্পের সমন্বয়ে গঠিত যৌথ দল সোমবার ভোর সাড়ে ৬টার দিকে অভিযানে অংশ নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ৩ থেকে ৪ জন সন্দেহভাজন ব্যক্তি গভীর জঙ্গলে পালিয়ে যায়।

ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, অভিযানে কাউকে আটক করা না গেলেও জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।