ধানমন্ডিতে ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাট রয়েছে রুমিন ফারহানার

দেশজুড়ে
ধানমন্ডিতে ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাট রয়েছে রুমিন ফারহানার
নিউজ ডেস্ক
৩ জানুয়ারি ২০২৬

বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়নপত্র দাখিলের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তার স্থাবর ও অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ উঠে এসেছে, যা ভোটারদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

হলফনামা অনুযায়ী, রাজধানীর ধানমন্ডিতে রুমিন ফারহানার মালিকানায় রয়েছে পাঁচ কাঠা জমি এবং পাঁচটি ফ্ল্যাট। পাশাপাশি তার কাছে নগদ অর্থ রয়েছে ৩২ লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার রয়েছে ১০ ভরি। তবে তার নামে কোনো ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, বন্ড কিংবা ব্যক্তিগত যানবাহনের তথ্য উল্লেখ করা হয়নি।

আয় সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্নে তিনি মোট আয় দেখিয়েছেন ৯৭ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা। হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, তিনি কোনো ঋণগ্রস্ত নন এবং অতীতে দায়ের হওয়া চারটি ফৌজদারি মামলার সবকটিই নিষ্পত্তি হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রুমিন ফারহানা তার মনোনয়নপত্র জমা দেন। এর আগে ২৪ ডিসেম্বর তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

বিএনপি জোটের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলামীর প্রার্থী জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া-2 আসনে দলীয় সমর্থন দেওয়ায় এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩১ ডিসেম্বর রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ফলে আসনটিতে এখন তিনি সরাসরি জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার দিন রুমিন ফারহানা বলেন, তার বাবা একসময় আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে নির্বাচন করেছিলেন, আর তিনি এখন বিএনপির জোয়ারের বিপক্ষে স্বতন্ত্রভাবে লড়ছেন। তিনি দেশবাসী, বিশেষ করে নিজ এলাকার জনগণের কাছে দোয়া চেয়ে বলেন, ভোটারদের যে আস্থা ও বিশ্বাস তিনি পেয়েছেন, তা যেন অটুট রাখতে পারেন—এটাই তার প্রত্যাশা।