ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন দাখিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কাছে তাঁর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির নেতাকর্মীরা।
খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় রেখে একই আসনে বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের নির্বাচন সমন্বয়ক রফিকুল আলম মজনু।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এর আগে পাঁচবার ফেনী-১ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, আলাল উদ্দিন আলালসহ দলীয় নেতৃবৃন্দ।
এদিকে, একই দিনে ফেনীর অন্য আসনগুলোতেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফেনী-২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন, ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া ফেনী-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম কামাল উদ্দিন, ফেনী-২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া এবং ফেনী-৩ আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক জানান, ফেনী-১ আসনে ১৩ জন, ফেনী-২ আসনে ১৬ জন এবং ফেনী-৩ আসনে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়ার কার্যক্রম চলবে।


