বিএনপি ছাড়া দেশ পরিচালনা সম্ভব নয়: নুরুল হক নুর
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং ক্ষমতার সুচারু পরিচালনার জন্য বিএনপির নেতৃত্ব অপরিহার্য। তিনি উল্লেখ করেন, বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশ চালাতে সক্ষম হবে না।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টায় গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নুরুল হক নুর বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আমাদের আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে। আগামী নির্বাচিত সরকারও যদি ক্ষমতায় আসে, সেই সরকারের কার্যক্রমকে চ্যালেঞ্জ করতে বিভিন্ন অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আন্দোলন-সংগ্রাম করা হবে। এতে দেশ সংকটগ্রস্ত অবস্থায় পড়তে পারে।”
নুর আরও বলেন, গণঅধিকার পরিষদের সঙ্গে দুইটি আসনে কোনো সমঝোতা হয়নি, তবে সময় হলে জনগণ দেখবে বিএনপি আমাদের কোন জায়গায় কীভাবে মূল্যায়ন করে। “আমরা তারেক রহমানকে জানি, তিনি কথা দিলে রাখেন। আমাদের কমিটমেন্টও আমরা সময়মতো প্রকাশ করব,” যোগ করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের একাধিক নেতাকর্মী। নুরুল হক নুরের নেতৃত্বে উপস্থিতরা বিএনপির বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
নুরুল হক নুর বলেন, দেশের উন্নয়ন, মানুষের নিরাপত্তা এবং আন্তর্জাতিক দৃঢ় অবস্থানের জন্য প্রয়োজন স্থিতিশীল সরকার। সেই কারণে বর্তমানে বিএনপি ছাড়া দেশের কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশের স্বার্থ রক্ষা করতে পারবে না।
তিনি আরও বলেন, “ব্যক্তিগত স্বার্থ বা দলীয় আসনের সংখ্যা এখানে গুরুত্বপূর্ণ নয়। মূল লক্ষ্য হলো দেশের মানুষকে রক্ষা করা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। আমাদের এই সিদ্ধান্তে কোনো বিভাজন নেই।”


