লক্ষ্মীপুরে ইসলামি আন্দোলন ও বিএনপির সংঘর্ষ, আহত ৫

দেশজুড়ে
লক্ষ্মীপুরে ইসলামি আন্দোলন ও বিএনপির সংঘর্ষ, আহত ৫
নিউজ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় স্টার নিউজের একটি টেলিভিশন প্রোগ্রাম চলাকালে ইসলামি আন্দোলন ও বিএনপির সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নিয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে অনুষ্ঠান চলাকালে ইসলামি আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারীকে প্রশ্ন করা হলে তার সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় ইসলামি আন্দোলন, বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘটনার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার জন্য একে অপরকে দায়ী করলেও সংশ্লিষ্ট প্রার্থীরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”