মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

দেশজুড়ে
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ
নিউজ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে গাছ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে সদর উপজেলা ও রাজৈর উপজেলায় এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাজৈর উপজেলার সাধুর ব্রিজ থেকে সদর উপজেলার মোস্তফাপুর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে অন্তত আটটি গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছগুলো অপসারণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় অবরোধ সরিয়ে সকাল ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অবরোধের নেতৃত্ব দিচ্ছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। ভিডিওতে তাকে বক্তব্য দিতে দেখা যায় এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীরা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় অধিকাংশ বিক্ষোভকারীকে হেলমেট ও মাস্ক পরা অবস্থায় দেখা যায়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সাইফুল ইসলাম ভূইয়া জানান, ভোর ৫টা ৫০ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিস পাঁচটি গাছ অপসারণ করে এবং স্থানীয়দের সহায়তায় আরও তিনটি গাছ সরানো হয়। এতে প্রায় এক ঘণ্টা সময় লাগে।

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে গাছগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বর্তমানে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।