ডাব চুরি করতে দেখে ফেলায় মালিককে হত্যা: দুই চোর গ্রেপ্তার
গোপালগঞ্জের মুকসুদপুরে নিজের ডাব চুরি করতে আসা চোরদের বাধা দেওয়ায় মোয়াজ্জেম শিকদার (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। সোমবার (৮ ডিসেম্বর) রাতে দিগনগর গ্রামে এই ঘটনা ঘটে। পরে এলাকাবাসী দুই যুবককে আটক করে পুলিশে হস্তান্তর করে।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক রাকিব ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে মোয়াজ্জেম শিকদারের বাড়িতে মো. মুন্না ফকির ও মো. হাসিব ফকির নামের দুই যুবক ডাব চুরি করতে যায়। গাছের মালিক মোয়াজ্জেম তাদের দেখে ধরে ফেলেন। চোরেরা পালানোর চেষ্টা করতে গিয়ে তাকে কিল-ঘুষি মারেন এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে গুরুত্বর আহত করেন।
পরিবারের সদস্যরা আহত মোয়াজ্জেমকে দ্রুত ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর দুই অভিযুক্ত যুবককে এলাকাবাসী আটক করে মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে হেফাজতে দেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিদর্শক রাকিব ইসলাম জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে যুক্তদের শাস্তি নিশ্চিত করা হবে।


