ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

দেশজুড়ে
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত
নিউজ ডেস্ক
২ ডিসেম্বর ২০২৫

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক পুলিশ সদস্য ট্রাকচাপায় নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডের পাশে তালমিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য আনিসুর রহমান আনিস (৪৫) কোটচাঁদপুর থানায় ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আনিসুর রহমান আনিস সকালে মহেশপুর থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে যাচ্ছিলেন। পথে তালমিল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়, যার ফলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

কোটচাঁদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, দুর্ঘটনার সঠিক কারণ যাচাই করা হচ্ছে। পালিয়ে যাওয়া ট্রাক ও তার চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চালানো হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্থানীয়রা বলছেন, শহরের ব্যস্ত সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা এ দুর্ঘটনার পর আরও বেড়ে গেছে।