খুলনায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ নিয়ে রহস্য

দেশজুড়ে
খুলনায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ নিয়ে রহস্য
নিউজ ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫

খুলনায় হাইওয়ে পুলিশের নারী কনস্টেবল মিমি খাতুনের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খালিশপুর থানা এলাকার মুজগুন্নি হাউজিং এস্টেটের নারী পুলিশ ব্যারাক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ি এলাকার নবীন বিশ্বাসের মেয়ে এবং ইমরান হোসেনের স্ত্রী মিমি খুলনা হাইওয়ে পুলিশে কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দুপুর দেড়টার দিকে সহকর্মীরা তার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ব্যারাক কর্তৃপক্ষকে খবর দেন।

খালিশপুর থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল সম্পন্ন করে এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত দেয়নি পুলিশ। নিহতের কক্ষে কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন,
“ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে না। ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”

ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।