রাজশাহীতে আট দলের বিভাগীয় সমাবেশ রোববার
রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আগামী রোববার আট সমমনা দলের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে শহর। আয়োজকদের দাবি, সমাবেশে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আড়াই লাখ থেকে তিন লাখ মানুষের উপস্থিতি হতে পারে। এ উপলক্ষে মাঠে প্রস্তুতির প্রায় সব কাজই শেষ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য দেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।
তিনি জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নির্দেশনা জারি ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবেই রাজশাহীতে প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইমাজ উদ্দিন বলেন, “মাঠের সামগ্রিক প্রস্তুতি প্রায় শেষ। মাইক সেটআপ, সাউন্ড টেস্টসহ সকল টেকনিক্যাল কাজ সম্পন্ন হয়েছে। স্টেজের সামান্য কিছু কাজ বাকি রয়েছে, যা আজই শেষ হবে।”
সমাবেশে বিপুল জনসমাগম আশা করছেন জানিয়ে তিনি বলেন, “মাদরাসা মাঠ ছাড়াও ঘোষপাড়া মোড় থেকে নদীর ধারের বড় রাস্তা পর্যন্ত জনস্রোতে ভরে যাবে বলে আমরা আশা করছি।”
সমাবেশস্থলের প্রস্তুতি পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগর সভাপতি হুসাইন আহমদ, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকি, জেলা সেক্রেটারি আব্দুল্লাহ সুজন, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা ও নগর জামায়াতের সহকারী প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।


