বানিয়াচঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, কৃষককে কুপিয়ে হত্যা

দেশজুড়ে
বানিয়াচঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, কৃষককে কুপিয়ে হত্যা
নিউজ ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে মাহফুজ মিয়া (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতের দিকে পৈলারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাওরের পানি কমে যাওয়ার পর কয়েকদিন আগে মাহফুজ মিয়া মাছ ধরার উদ্দেশে একটি বিলের মুখে বাঁশের পাটি দিয়ে বাঁধ তৈরি করেন। এ সময় একই গ্রামের সিরাজ মিয়ার পরিবারের সদস্যরা তাকে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

শনিবার রাতে পাশের বসন্তপুর গ্রাম থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তার গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাহফুজকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।”