৬০ লাখ টাকা মূল্যের ৩টি তক্ষকসহ একজন গ্রেফতার
চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তিনটি তক্ষকসহ আব্দুল আজিজ (৬৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১২। বুধবার (১৯ নভেম্বর) রাত প্রায় ৮টার দিকে সিপিসি-৩, মেহেরপুর গাংনী ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে আব্দুল আজিজের বাড়ি তল্লাশি করে ৩টি তক্ষক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তক্ষকের কথিত বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে র্যাব জানিয়েছে। আব্দুল আজিজ বন্যপ্রাণী অবৈধ ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেফতার আব্দুল আজিজ সাংবাদিকদের বলেন, কয়েক বছর আগে খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় গাছ থেকে তক্ষকগুলো ধরে এনে বাড়িতে প্লাস্টিকের ঝুড়িতে রেখে পালন করছিলেন।
র্যাব-১২ এর গাংনী ক্যাম্প কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে আব্দুল আজিজের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


