সিলেট প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশজুড়ে
সিলেট প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
৩১ আগস্ট ২০২৫

সিলেটের গোয়াইনঘাটে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রকৃতি ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছ গ্রামে নিজ বাড়ি থেকে হোসনে আরা বেগম (৩০) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ফুলতৈলছ গ্রামের সৌদি প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে হঠাৎ দুই শিশুর কান্নাকাটিতে বাড়ির লোকজন দৌঁড়ে যান। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। সেখানেই দেখা যায় হোসনে আরার ঝুলন্ত মরদেহ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক সুরতহাল শেষে লাশটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

সালুটিকর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন বলেন,

“ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ঘরের ভেতর থেকে ভুক্তভোগীর মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে, তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। স্বামী প্রবাসে থাকার কারণে পারিবারিক সম্পর্ক, মানসিক চাপসহ বিভিন্ন দিক বিবেচনায় তদন্ত চলছে।