উল্লাপাড়ায় বাইচের নৌকা ডুবে ২ জনের মৃত্যু, আহত ১০

দেশজুড়ে
উল্লাপাড়ায় বাইচের নৌকা ডুবে ২ জনের মৃত্যু, আহত ১০
নিউজ ডেস্ক
৩০ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুশীলন শেষে ফেরার পথে একটি বাইচের নৌকা শ্যালো ইঞ্জিনচালিত নৌকার ধাক্কায় ডুবে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজ সংলগ্ন এলাকায়।

নিহতরা হলেন—উপজেলার চাকসা গ্রামের সাহেব আলীর ছেলে রহিচ উদ্দিন (৪৩) ও কোবাদ আলীর ছেলে নূরুল ইসলাম (৩৭)। তারা দুজনই ঐতিহ্যবাহী নৌকা বাইচে অংশ নেওয়া ‘মায়ের দোয়া এক্সপ্রেস’ দলের সদস্য ছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্থানীয়রা জানান, নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতির অংশ হিসেবে অনুশীলন শেষে ফিরছিল বাইচের দল। পথিমধ্যে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকা দহকুলা ব্রিজের কাছে এসে তাদের নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে নৌকাটি উল্টে যায় এবং পানিতে তলিয়ে যান অনেকেই।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম শুরু করেন। তবে ঘটনাস্থলেই প্রাণ হারান রহিচ উদ্দিন ও নূরুল ইসলাম। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা প্রশাসনের কাছে নদীপথে শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।