বেগম খালেদা জিয়া ছিলেন দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বরকত উল্লাহ বুলু
বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু দাবি করেছেন, “বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২২ জুলাই ঢাকার সিদ্ধেশ্বরীর বাসা থেকে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ তাকে গ্রেফতার করে ক্যান্টনমেন্টে নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। সেখানেই তিনি বন্দি ছিলেন।”
সোমবার (২৫ আগস্ট) কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত কুমিল্লা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরকত উল্লাহ বুলু।
বর্তমান নির্বাচন পদ্ধতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি এই উপমহাদেশে অচল। কিছু স্বার্থান্বেষী মহল ও ধর্মব্যবসায়ী এটি ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়াতে চাইছে। এই পদ্ধতির পেছনে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন। দৃশ্যমান শক্তির বাইরে এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে। বিএনপি এখন একদিকে, আর দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধাচারী সকল শক্তি একদিকে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-অর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন।
সম্মেলনে বক্তারা সরকারের বিরুদ্ধে অভিযোগ আনেন এবং দলের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।


