পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ ও গোলাগুলি, আহত ১২

দেশজুড়ে
পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ ও গোলাগুলি, আহত ১২
নিউজ ডেস্ক
২৪ জুলাই ২০২৫

পাবনা শহরের মন্ডলপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) দিনগত রাত ১১টার দিকে ২ নম্বর ওয়ার্ডের বউবাজার ক্লাব এলাকায় সংঘর্ষ শুরু হয়, যা ঘন্টাব্যাপী চলে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই মন্ডলপাড়ায় দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। ঘটনার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তুহিনের নেতৃত্বে একটি গ্রুপ প্রতিপক্ষের ওপর হামলা চালায়। হামলা দ্রুত সংঘর্ষে রূপ নেয় এবং উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে।

সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি গুলির খালি খোসা ও ধারালো ছুরি উদ্ধার করেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, “সংঘর্ষের পরপরই অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সংঘর্ষের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষ ঘরবন্দী হয়ে পড়ে। এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।