বেনাপোলে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার, ভারতে পালানোর চেষ্টা ব্যর্থ

দেশজুড়ে
বেনাপোলে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার, ভারতে পালানোর চেষ্টা ব্যর্থ
নিউজ ডেস্ক
২৩ জুলাই ২০২৫

ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন থেকে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ (৩৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করার সময় তথ্য যাচাইয়ে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ৬টি মামলা থাকার বিষয়টি ধরা পড়ে।

গ্রেপ্তারকৃত সামাদ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারতে প্রবেশের উদ্দেশ্যে পাসপোর্ট জমা দিলে সফটওয়্যার সিস্টেমে তার নাম ‘স্টপ লিস্টে’ ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যাচাই-বাছাই শেষে দেখা যায়, মৌলভীবাজার সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি বলেন,
“আমরা আগেই তথ্য পেয়েছিলাম যে, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের একজন সাবেক নেতা ভারতে যেতে পারেন। সেই অনুযায়ী ইমিগ্রেশনের প্রত্যেকটি কর্মকর্তা সতর্ক ছিলেন। আজ সকালে তিনি পাসপোর্ট জমা দিলে অনলাইন তথ্য যাচাইয়ে মামলা সংক্রান্ত তথ্য বের হয়ে আসে এবং আমরা তাৎক্ষণিক তাকে আটক করি।”

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, গ্রেপ্তারকৃত সামাদ আজাদকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
“তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ৬টি মামলা রয়েছে। নিয়ম অনুযায়ী তাকে মৌলভীবাজার থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে,” বলেন তিনি।