সীতাকুণ্ডে তৈরি ক্যাবলে লেখা ‘মেড ইন জাপান’,কারখানা সিলগালা

দেশজুড়ে
সীতাকুণ্ডে তৈরি ক্যাবলে লেখা ‘মেড ইন জাপান’,কারখানা সিলগালা
নিউজ ডেস্ক
২১ জুলাই ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাল সিল ব্যবহার করে বিপজ্জনক বৈদ্যুতিক তার উৎপাদনের দায়ে একটি অনুমোদনহীন কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-৭। সোমবার (২১ জুলাই) বিকেলে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ নকল ক্যাবল জব্দ করা হয় এবং কারখানাটিকে সিলগালা করে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেয় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর একটি প্রতিনিধিদল।

র‍্যাব সূত্র জানায়, সীতাকুণ্ড উপজেলার উত্তর সলিমপুরের আব্দুল্লাঘাট এলাকায় অবস্থিত ‘খান জাহান আলী ক্যাবলস’ নামের কারখানায় ‘মেড ইন জাপান’ লেখা জাল সিল ব্যবহার করে নিম্নমানের বৈদ্যুতিক তার তৈরি করা হচ্ছিল। এসব তার কোনো মান নিয়ন্ত্রণ ছাড়াই বাজারজাত করা হচ্ছিল, যা যে কোনো সময় আগুন লাগার মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

র‍্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, “কারখানাটিতে কোনো বৈধ কাগজপত্র বা বিএসটিআই অনুমোদন ছিল না। তারা প্রতারণার মাধ্যমে গ্রাহকদের ঠকিয়ে নকল তার বাজারে ছাড়ছিল।”

তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।