ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে পালালো নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা

দেশজুড়ে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে পালালো নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা
নিউজ ডেস্ক
২০ জুলাই ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে জোরারগঞ্জ থানার অন্তর্গত এই এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি দল প্রথমে মহাসড়কে গাছ ফেলে, এরপর তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা হরতালের সমর্থনে স্লোগান দেয় এবং কিছুক্ষণ অবস্থানের পর দ্রুত সরে পড়ে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, এক ব্যক্তি গাছে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিচ্ছে, এরপর কয়েকজন যুবক মিছিল করছে। ভিডিওটি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শহীদুল ইসলামের ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ঘটনায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, “নিষিদ্ধ সংগঠনের কিছু সদস্য রাতে মহাসড়কে গাছ ফেলে নাশকতার চেষ্টা করেছিল। পুলিশ উপস্থিত হলে তারা পালিয়ে যায়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

উল্লেখ্য, গোপালগঞ্জে ছাত্রলীগ নেতাকর্মীদের নিহত ও গ্রেপ্তারের প্রতিবাদে সংগঠনটি রোববার (২০ জুলাই) সারাদেশে হরতালের ডাক দেয়। এরই অংশ হিসেবে মহাসড়ক অবরোধের এ প্রচেষ্টা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মহাসড়কে যে কোনো নাশকতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে কড়া নজরদারি চলছে।