পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে ২৪ বাংলাদেশিকে পুশ ইন করলো বিএসএফ, বিজিবির তদন্ত চলছে

দেশজুড়ে
পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে ২৪ বাংলাদেশিকে পুশ ইন করলো বিএসএফ, বিজিবির তদন্ত চলছে
নিউজ ডেস্ক
১৭ জুলাই ২০২৫

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পঞ্চগড়ের পৃথক দুটি সীমান্ত দিয়ে ৮ শিশুসহ মোট ২৪ জন বাংলাদেশি নারী-পুরুষকে পুশ ইন করেছে। বৃহস্পতিবার বিজিবি ২৪ জনের মধ্যে ২৩ জনকে সংশ্লিষ্ট থানাগুলোর কাছে হস্তান্তর করেছে। বাকি একজনের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জনকে এবং সদর উপজেলার শিংরোড সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। স্থানীয়রা প্রথমে তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে গেলে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে সোপর্দ করে।

আটক ব্যক্তিরা জানান, তারা অবৈধভাবে ভারতের দিল্লি ও গুজরাট এলাকায় কাজ করছিলেন। সম্প্রতি সেখানকার পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বোদা থানার ওসি আজিম উদ্দিন বলেন, “তাদের পরিচয় যাচাই চলছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।” একই কথা জানিয়েছেন পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান।

৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, “এই ঘটনায় আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নিচ্ছি। একজন ব্যক্তির পরিচয় এখনও অস্পষ্ট — ধারণা করা হচ্ছে, তিনি ভারতীয় নাগরিক হতে পারেন। বিষয়টি তদন্তাধীন।”