ভাইরাল ভিডিওর ব্যাখ্যায় ম্যাক্রোঁ: “চড় নয়, ভালোবাসার খুনসুটি!”

ভাইরাল ভিডিওর ব্যাখ্যায় ম্যাক্রোঁ: “চড় নয়, ভালোবাসার খুনসুটি!”
নিউজ ডেস্ক
২৭ মে ২০২৫

সম্প্রতি ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁর এক সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তির অবসান ঘটিয়ে ম্যাক্রোঁ জানিয়েছেন, “এটি ছিল শুধুই একটি ব্যক্তিগত, মজার মুহূর্ত।”

রোববার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্লেনের দরজায় দাঁড়ানো অবস্থায় ব্রিজিত হঠাৎ স্বামীর মুখে হাত তোলেন এবং চোয়ালের কাছটায় হালকা চাপ দেন। এরপর ম্যাক্রোঁ হেসে সাড়া দেন এবং ক্যামেরার দিকে হাত নাড়েন। অনেকেই বিষয়টি ‘চড়’ বা ‘তর্কের শুরু’ হিসেবে চিহ্নিত করতে থাকেন।

তবে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট সরাসরি বলেন, “সত্যি বলতে, আমরা শুধু ঠাট্টা করছিলাম। এটা ছিল একটি হালকা মুহূর্ত, কোনো ধরনের বিবাদ বা অপ্রীতিকর পরিস্থিতি নয়।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও যোগ করেন, “এটা আজকের ডিজিটাল দুনিয়ারই একটি প্রতিফলন—নিরীহ কোনো মুহূর্তকেও নেতিবাচকভাবে ব্যাখ্যা করে ভাইরাল করে দেওয়া হয়। একটু শান্ত হোন, এটি ছিল ভালোবাসার খুনসুটি!”

প্রেসিডেন্ট দপ্তরও বিষয়টিকে ‘ঘনিষ্ঠ হাস্যরসের প্রকাশ’ হিসেবে ব্যাখ্যা করেছে, যা ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

ভিডিওতে আরও দেখা যায়, সিঁড়ি দিয়ে নামার সময় ব্রিজিত হাত বাড়িয়ে দিলেও ম্যাক্রোঁ তা ধরেননি, যা নতুন করে বিভ্রান্তির জন্ম দেয়। তবে ফ্রান্সের নাগরিকদের বড় একটি অংশ বিষয়টিকে দম্পতির ব্যক্তিগত রসিকতা হিসেবেই দেখছেন।