১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নতুন ইতিহাস
ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নারী সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন নাশরা নাঈম। বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী শিক্ষার্থী এ পদে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়লেন।
শুক্রবার (৬ নভেম্বর) নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে নাশরা নাঈম ৭ হাজার ৯১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ৫ হাজার ৮১৮ ভোট। ফলে ১ হাজার ২৭৩ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।
এবারের নির্বাচনে ছাত্র সংসদের ১০টি ক্যাবিনেট সদস্য পদের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছেন নারী প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে এটিকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনে সভাপতি পদে ৪ হাজার ১০০ ভোটের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ। অন্যদিকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হামদান।
এএমইউর ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় কোর্ট নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জাভেদ তালিব এবং উইমেন্স কলেজ ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাজিয়া হাসান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
এবারের নির্বাচনে প্রচারের ধরনেও পরিবর্তন দেখা গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষক। তাঁর মতে, চলমান জেন জি (Gen Z) বিক্ষোভ নির্বাচনে প্রভাব ফেলেছে। আগের নির্বাচনগুলোতে ক্যাম্পাসকেন্দ্রিক বিষয় বেশি গুরুত্ব পেলেও এবার জাতীয় পর্যায়ের বিভিন্ন ইস্যু, বিশেষ করে মুসলিমদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও প্রচারে উঠে এসেছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই শিক্ষক বলেন, এবারের নির্বাচনে শিক্ষার্থীদের আলোচনায় জাতীয় পর্যায়ের বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে।
এদিকে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাঈমা খাতুন। তিনি নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের ‘সর্বোচ্চ গণতান্ত্রিক ঐতিহ্যের বিজয়’ হিসেবে অভিহিত করেন।
ছাত্র সংসদে নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধি পাওয়াকে স্বাগত জানিয়ে নারী ক্ষমতায়নের গুরুত্বও তুলে ধরেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনী প্রচার চলাকালে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি।


