শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ ইসলাম

অন্যান্য
শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ ইসলাম
৩ নভেম্বর ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, শ্রমিকদের চলমান আন্দোলন যৌক্তিক। সরকারের সঠিক পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপের অভাবেই আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে সরকার দায় এড়াতে পারে না।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির পাবনা জেলা শাখার আয়োজনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে থাকলে তার দায়ও সরকারকে নিতে হবে। এটি সরকারের গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা। তাঁর অভিযোগ, সরকার বিরোধী দল দমনে গোয়েন্দা শক্তি ব্যবহার করছে। অথচ যারা দেশের শত্রু, জনগণকে হত্যা করে ভারতে পালিয়ে রয়েছে, তাদের বিষয়ে সরকারপ্রধানকে এখন পর্যন্ত কোনো গোয়েন্দা তথ্য জাতির সামনে তুলে ধরতে দেখা যায়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার পাঁচ শতাধিক আন্দোলন মোকাবিলা করেছে। তবে আন্দোলন থামবে তখনই, যখন সরকারের ওপর জনগণের আস্থা থাকবে। বর্তমান সরকারের প্রতি জনগণের আস্থা নেই বলেও দাবি করেন তিনি। নাহিদ ইসলামের অভিযোগ, ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে বেইমানি করেছে সরকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও নির্বাচনি ইশতেহারের অঙ্গীকারগুলোও ভঙ্গ করা হয়েছে।

এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গতকাল আবারও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে খোলাবাজারে ১ হাজার ৮০০ টাকার সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। নতুন করে দাম বাড়ায় ভোক্তাদের আরও বেশি অর্থ ব্যয় করতে হবে।

এ পরিস্থিতিতে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজপথেই এই সরকারকে জবাব দিতে হবে।