কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

২ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলনের নামে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের কঠোর হস্তে দমন করা হবে।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও জীবনমান উন্নয়নের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। শ্রমিকদের সব বিষয় বিবেচনায় নিয়ে অত্যন্ত সহানুভূতির সঙ্গে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে বলেছেন। উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বাস্তবতার নিরিখে এ মজুরি নির্ধারণ করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে।

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আজই বোর্ডের প্রথম সভা হতে পারে। অন্যথায় খুব শিগগিরই তারা আলোচনায় বসবেন। আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হতে পারে।

তিনি আরও বলেন, মজুরি নির্ধারণের ক্ষেত্রে তিন বছর পূর্ণ হতে ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। আশা করি, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে মজুরি বোর্ড ন্যূনতম মজুরি নির্ধারণ করতে পারবে।