প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয়
সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শ্রমবাজার এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে।
সফরে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা, নদী ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় স্থান পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অন্যদিকে মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে একাধিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে আসিয়ানের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে মালয়েশিয়ার সমর্থনও চাইবে বাংলাদেশ। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
সূত্র জানায়, ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর শেষে ২৩ জুন বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৬ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। সরকারপ্রধান হিসেবে এটিই তার প্রথম বিদেশ সফর হওয়ায় কূটনৈতিক মহলে সফরটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।


