শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যান-এ অবস্থিত তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তারেক রহমান।
শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, ড. আব্দুল মঈন খান, রুহুল কবির রিজভী এবং আমিনুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন হাজারো কর্মী-সমর্থক। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
এদিকে, ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল এবং শ্রমিক দল-এর নেতাকর্মীরাও নির্ধারিত ব্যানারে কর্মসূচিতে অংশ নেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কঠোর নিরাপত্তাব্যবস্থাও লক্ষ্য করা যায়।
শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ-সংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠ এলাকায় দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এছাড়া রাজধানীর আরও কয়েকটি স্থানে আয়োজিত সামাজিক কর্মসূচিতেও তার অংশগ্রহণের কথা রয়েছে।


